|

বীরেন্দ্র চট্টোপাধ্যায় -এর দশটি কবিতা

শেয়ার করুন

নিরাপদ মাননীয় মানব সমাজ

‘I smell dark police in the trees’.

দীর্ঘ দেবদারু বীথি আজ কোনো আকাশ দেখে না
এখন আকাশ জুড়ে নষ্ট চাঁদ, শুরু হবে পিশাচের নাচ; এখন বাতাস দগ্ধ দুধকলা দিয়ে পোষা সাপের নিঃশ্বাসে… ভাল আছে—নিরাপদ—আমাদের মাননীয় মানব সমাজ॥

[রাস্তায় যে হেঁটে যায় / প্রথম প্রকাশ: ১৩৭৯]

কবিতা পরিষদের ‘বইমেলায়’

আমরা সবাই চাঁদের আলোয় বামন
ব’সে আছি অনন্ত ইথারের
একটি বিন্দু কোটিতে ভাগ ক’রে
এই পৃথিবীর কয়েক কোটি মানুষ;
এবং ক’জন মার্কাস স্কোয়ারে।

আমরা সবাই ক্ষুদ্র ইতর বামন
চাঁদের আলোয় যে যার মুখ দেখে
অন্য সময় মাথার চুল ছিঁড়ি
আয়না ভাঙি; তবু এখন অবাক
ঘাসের ওপর মার্কাস স্কোয়ারে!

কবিতা শুধু কবিতা চারদিকে
যেন জীবন এখন কালপুরুষ
সপ্তর্ষির চেতনা : যেন চুমা
ইতর মুখে চোখে, ইতর বুকে;
আধফোটা এই মার্কাস স্কোয়ারে।

আমরা ক’জন সৌরলোকের বামন
কয়েকটি রাত বাঁশির মতো বাজি।

[সভা ভেঙে গেলে/ প্রথম প্রকাশ: ১৩৭১]

বর্ষা

কালো মেঘের ফিটন চ’ড়ে
কালীঘাটের বস্তিটাতেও আষাঢ় এলো।
সেখানে যত ছন্নছাড়া গলিরা ভিড় ক’রে
খিদের জ্বালায় হুগলি-গঙ্গাকেই
রোগা মায়ের স্তনের মতো কামড়ে ধ’রে
বেহুঁশ প’ড়ে আছে।

আষাঢ় এসে ভীষণ জোরে দুয়ারে দিল নাড়া—
শীর্ণ হাতে শিশুরা খোলে খিল॥

[লখিন্দর/ প্রথম প্রকাশ: ১৩৬৩]

এ শহর

এ শহরে ঈশ্বরের সভা হবে, তাই
ছেঁড়া কাঁথা ছুঁড়ে ফেলে পরেছে সে
নকশাপাড় শাড়ি
খোঁপায় গুঁজেছে লাল-নীল ফুল।

রাত ভোর না হতেই ফুটপাতের উলঙ্গ ছেলেরা বিদেশ গিয়েছে…

[শীতবসন্তের গল্প/ প্রথম প্রকাশ: ১৩৮৩]

‘আশ্চর্য ভাতের গন্ধ রাত্রির আকাশে’

একটি পুরনো রূপকথা

একটি মেয়ে উপুড় হয়ে কাঁদছে যন্ত্রণায়
বিবর্ণ তার নয়ন দুটি, কিন্তু বড় মিঠে।
একটি ছেলে জানে না, তাই অঘোরে নিদ্রা যায়
জানলে পরে থাকতো এখন পঙ্খীরাজের পিঠে।

[দিবস রজনীর কবিতা/ প্রথম প্রকাশ: ১৩৮৫]

মুঠো খালি রাখতে নেই

মুঠো খালি রাখতে নেই।

ফুল-বেলপাতার কাজ শেষ হয়ে গেলে
হাতের কাছে যা পাওয়া যায়
পাথর, ধুলো, একটা মরা ইঁদুর—
তাই আমরা আমাদের জাগ্রত শালগ্রাম-শিলাদের জন্যে দু-হাত ভর্তি ক’রে নিয়ে আসি।

তাঁরা প্রসন্ন হন।

[গ্ৰন্থাকারে অপ্রকাশিত কবিতা]

রানি, আমার রানি

ভালবাসার দিনগুলিকে
ফিরিয়ে দেবে কোন্ নবান্ন।
অন্ন কি শ্মশানের মানিক
জ্যোছনা আনবে শুকনো কাঠে!

‘রানি আমার রানি’ ব’লে
কণ্ঠ চিরে যতই ডাকো;
কেউ দেবে না সাড়া, সবাই
হৃৎপিণ্ড ছুঁড়ে দিয়েছে।

[হাওয়া দেয়/ প্রথম প্রকাশ: ১৩৭৫]

তোর বুকের মধ্যখানে

ঈশ্বরের দয়া কাঁপছে; ঊর্ধ্বে অধেঃ যেদিকে তাকাই
গানের অনন্ত আলো; আলো তোর বুকের ভিতর।
শিশুর মতোন আমি জেগে উঠছি, গান শুনছি, আলো চেতনায় নিচ্ছি; আর সারা অঙ্গ আমারো ঈশ্বর।

সারা অঙ্গ মন্ত্র হচ্ছে; তোর বুকের মধ্যখানে আমি
দেখতে পাচ্ছি নবজন্ম, শুনতে পাচ্ছি, শিবের নিশ্বাস। কোথাও সধবা নাচছে, নেচে উঠছে মৃত লখিন্দর;
চন্দন নিমের গন্ধে ছেয়ে যাচ্ছে সমস্ত বাতাস।

ঈশ্বরের দয়া কাঁপছে; তোর বুকের মধ্যখানে আমি
চোখ রেখে, গাল রেখে, ঠোঁট রেখে একটি জীবন মেষশাবকের মতো হয়ে যাব। কিশোর যিশুকে
দেখব আমি, জানবো বেহুলাকে; যুগ্ম করুণার স্তন অনুভব করবো আমি, গঙ্গা নামছে, দুই কূলে তার
শাখা নাড়ছে বোধিবৃক্ষ, মিলে যাচ্ছে এপার ওপার।

[সভা ভেঙে গেলে/ প্রথম প্রকাশ: ১৩৭১]

ফুল ফুটুক, তবেই বসন্ত

প্রেমের ফুল ফুটুক, আগুনের
মতন রং ভালবাসার রক্তজবা
আগুন ছাড়া মিথ্যে ভালবাসা
এসো, আমরা আগুনে হাত রেখে
প্রেমের গান গাই।

আলো আসুক, আলো আসুক, আলো
বুকের মধ্যে মন্ত্র হোক : রক্তজবা।
এসো, আমরা আগুনে হাত রেখে
মন্ত্র করি উচ্চারণ : ‘রক্তজবা!’

এসো, আমরা প্রেমের গান গাই॥

[মুখে যদি রক্ত ওঠে/ প্রথম প্রকাশ: ১৩৭১]

এই অন্ধকার

নিঃশ্বাস নিতেও মানা
কেন না মানুষ এই অন্ধকারে নিজের মুখ-কে
লুকিয়ে রাখার জন্য
চারিদিকে কশাইখানার মধ্যে
ছ’ফুট মাটির নিচে চুপচাপ স্থির ব’সে আছে।
কোথাও জানলা নেই
দরজার কথা ভাবা অসম্ভব,
কেন না বাতাস ঢুকলে কেউ হিন্দু, কেউ মুসলমান,
হতে হবে। কেন না ঘরের মধ্যে, ঘরের বাইরে
অন্তহীন দ্বেষের আগুন।

[ভিসা অফিসের সামনে/ প্রথম প্রকাশ: ১৩৭৪]

শেয়ার করুন

Similar Posts

  • সীতা হেমব্রমের পাঁচটি কবিতা

    আখা জ্বলছে, কয়লার বিরাম নেই লেখা আসার আগে, সন্তানজন্ম ফিরে আসে। স্বপ্ন তখন স্বরবর্ণে আসত, ফিরে যেত ভ্রূণ বিষাক্তকরে। মনে হত, মরা বাচ্চা বিয়োব আমি; নীল হয়ে যাওয়া, রক্তনাড়ী জড়ানো গলায় সে মাকেনা বলেই হয়ত ফিরে যাবে সম্পূর্ণ জীর্ণ । দলা পাকানো জরায়ু তছনছ করে গোটা বাড়িটাই ভেঙে পড়ল, সলতে পাকানোএক ফোঁটা জলও নিল না…

  • পল্লব গোস্বামীর গুচ্ছ কবিতা

    একদিন সারাদিন  ছোটো ছোটো বদ্রী পাখির মতো  দিনগুলি ভাবি  দিনভর ওরা কোঠাঘরে কিচমিচ করে  ঠান্ডা লাগে, জ্বর আসে  যেমনভাবে জ্বরে কাবু সারা শহর  দানাপানির জন্য  ভিক্ষাপাত্র নিয়ে ঘুরি  বাগড়াইচণ্ডীতলায় বিশাল হাট  সেখানে  ফ্রীঞ্চ, ককাটেল, জাভা,  লাভ বার্ডের আসর  তবুও ভিক্ষা মেলে না  মাথার ভেতর  বুড়ো কাছিমের মতো হাঁটে  একেকটা দিন  সমুদ্র ফেনায় শুশ্রূষা কেটে যায়–…

  • শববাহকের দল – আশিস ভৌমিক

    শববাহকেরা চিরকাল শব বয়ে বেড়ায় তারা জানে সব লাশ চরিত্রগত ভাবে এক কেবল রং বদলায় বয়স বদলায় জাত বদলায় । তার পর রোদ জল বৃষ্টিতে ফুলে ফেঁপে ঢোল । পাশে পাশে হাঁটে বেতাল ; খোশগল্প করে, মন্ত্রণা দেয়, দিন বদলের স্বপ্ন দেখায় কাঁধ বদলের মাঝে দু-এক ছিলিম গাঁজাও ধরিয়ে দেয় ! লাশের ভার বাড়ে ।…

  • আলিউজ্জামানের পাঁচটি কবিতা

    একটি প্রতিবিম্ব ও তার সহজ সমীকরণ (১) আকাশকে ভেতরে ধারণ করে কাঁপানোর ছলসেইমতো জেনেছি ব্যবহারিক জল, আরজলাকর্ষী প্রতিবিম্বে মূর্ধন্যর মতোসম্মতিহীন ঈশ্বরবিশ্বাস কীভাবেকিলবিল করে মাছরাঙার চোখে। যদিও তেমন কোনো উপার্জন নেই আগুনের,তবু, বিস্তৃত এই বাহুদ্বয় তোমাকে বিঁধতে গিয়েভূমিষ্ঠ ফুলের মতো তাকিয়ে থাকে আততায়ীর দিকে। (২) এই বাতাসে এখন তোমার চুলের প্রভাব কাটিয়েখুব গভীর সম্পর্কে হাঁসগুলো জলে…

  • |

    দাঙ্গা – সোমেন চন্দ

    লোকটি খুব তাড়াতাড়ি পল্টনের মাঠ পার হচ্ছিল। বোধহয় ভেবেছিল লেভেল ক্রসিংয়ের কাছ দিয়ে রেলওয়ে ইয়ার্ডে পড়ে নিরাপদে নাজিয়াবাজার চলে যাবে। তাহার হাতের কাছে বা কিছু দূরে একটা লোকও দেখা যায় না—সব শূন্য, মরুভূমির মতো শূন্য। দূরে পিচঢালা পথের ওপর দিয়ে মাঝে মাঝে দুই একটি সুদৃশ্য মোটরকার হুস করে চলে যায় বটে, কিন্তু এত তীব্র বেগে…

  • |

    জীবাশ্ম – কল্পরুপ পাল

    পৃথিবী চাটছে একটা ধূষর রোদ সকালের কৃষ্ণচূড়া ঝলসে মৃতপ্রায় কফিন জিরিয়ে নেয় ঘাসের ছায়ায়; ঘাসেরা বড়ই নির্বোধ! ধারাল মাঞ্জা,উড়ন্ত ঘুড়ি ছাদ নয়,আকাশ হবে ছিনতাই, হিটলারেরা নাড়াচ্ছে লাটাই তাই ধফ্ করে থেমে গেল তোমার তুবড়ি। ঝকঝকে প্রাসাদ,বিজয় উল্লাস ম্যাহেফিলে জীবন ষোলোআনা, শুধু প্রাসাদই জানে তার ইতিহাস পায়রাগুলো যে আর বসে না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *