আক্ষেপঅনুরাগ – মিথিল ভট্টাচার্য্য

শেয়ার করুন

গ্রিলে হাত রেখে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে তানিয়া, দোতলার এই ছোট্ট বারান্দাটাই আজ তার বাইরের জগতের সাথে সংযোগের একমাত্র দোর।
দুই বছর আগের সেই কালো দিনটার পর আজ তার গোটা দুনিয়াটাই সীমিত হয়ে থেকে গেছে এই ছোট্ট গণ্ডিটার মধ্যে। আর এই জগতে তার মুক্তির এতটুকু খোলা পথ শুধু এই ছোট্ট বারান্দাটা।
একটু একটু করে অন্ধকার নেমে আসছে প্রকৃতির বুকে, আর সেই অন্ধকারের সঙ্গী হয়ে আজও আশায় বুক বেঁধে একদৃষ্টে বড়ো রাস্তার দিকে তাকিয়ে আছে সে,
সেই একজনের অপেক্ষায় !
প্রতিদিন কে জানে কোথা থেকে সে এসে দাঁড়ায় তার এই ছোট্ট ব্যালকনিটার ঠিক সামনে। এক অদ্ভুত দৃষ্টিতে যেন তাকিয়ে থাকে তার দুই চোখের দিকে,
যেন বলতে চায় আর কতদিন বন্দি থাকবে এই মিনারের চূড়ায় রাপুঞ্জেল?  চলোনা সব ছেড়ে তোমাকে নিয়ে পালিয়ে যাই অচিনপুরের দেশে। যাবেনা আমার সাথে ???
চিৎকার করে বলে উঠতে চায় তানিয়া,  “হ্যাঁ, যাবো। এক্ষুনি নিয়ে চলো আমাকে, এই বন্ধ কারার দ্বার ভেঙে আমাকে নিয়ে চলো সেই অচেনা রূপকথার জগতে”
কিন্তু কিছুই বলে উঠতে পারেনা সে। তার আগেই কুয়াশার ঘোমটায় কোথায় যেন বরাবরের মতো হারিয়ে গেলো তার স্বপ্নের রাজকুমার। রোজের মতো গভীর হতাশায় একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে আসে তানিয়ার গলা চিরে।

******************

আজ ও কোচিং থেকে ফেরার পথে বড় রাস্তার উপরে সেই পুরোনো বাড়িটার সামনে এসে নিজে থেকেই দাঁড়িয়ে পড়লো রাজীব। রোজের মতনই আজও বাড়িটা যেন তাকে এক অমোঘ আকর্ষণে টানছে নিজের দিকে । পরিত্যক্ত এই বাড়িটা আজ পাড়ার সবার কাছেই এক আতঙ্কপুরী নামেই পরিচিত। বাড়ির একমাত্র আদরের মেয়ে তানিয়া যেদিন ওই দোতলার বারান্দায় উপরের ছাদের চাঙড় ভেঙে মাথায় লেগে মারা যায়,সেই দিন থেকেই বাড়িটা জনশূন্য হয়ে পরে রয়েছে। মেয়েটার বাবা মা নাকি ওই পুরোনো বাড়িটাতে নিজেদের মৃত মেয়ের ছায়া দেখতে পেতেন। তারা ওই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে যাবার পরও আরো অনেকেই নাকি ওই দোতলার বারান্দায় দেখতে পেয়েছে কারোর এক অস্পষ্ট ছায়া।
রাজীব আগে এগুলো একদম মানতোনা। কিন্তু গত কয়েকদিন ধরে বাড়ি ফেরার পথে ওই ভাঙা দোতলার বারান্দাটা যেন এক অদ্ভুত ইশারায় তাকে টেনে নিয়ে চলেছে নিজের দিকে। এক অজানা আকর্ষণে একদৃষ্টে রোজের মতন আজও সে তাকিয়ে রইলো ওই একটুকরো খোলা ব্যালকনিটার দিকে। হঠাৎই একমুহূর্তের জন্য তার মনে হলো,কেউ একজন যেন দুচোখ ভরা আশা নিয়ে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে তারই দিকে। চমকে উঠে ভালো করে আরো একবার রাজীব ফিরে তাকালো বারান্দাটার দিকে।
নাহ, তারই মনের ভুল। হতাশ মনে বাড়িটার দিকে পিছন ফিরে সামনের দিকে এগিয়ে যেতে উদ্যত হলো রাজীব।
কিন্তু এগিয়ে যাওয়ার উপক্রম করতেই হঠাতই তার মনে হলো একটা আজব শিরশিরে স্বর যেন দূরের কোথা থেকে ভেসে আসছে তার কানে, যেন বহুদূর থেকে কেউ বড়ো আকুল ভাবে মুক্তির আকুতি জানাচ্ছে তারই কাছে। এক মুহূর্তের জন্য আবার ফিরে তাকালো রাজীব।
না সবটাই শুধু তার এক নিছক ভ্রম, আর কিচ্ছু না!
একটা দীর্ঘনিশ্বাস ফেলে পরিত্যক্ত বাড়িটাকে অবশেষে পেছনে রেখে বড় রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলো রাজীব। …

 

শেয়ার করুন

Similar Posts

  • বাঘ – সম্বিৎ চক্রবর্তী

    জঙ্গলে বাঘ ঢুকেছে। সে এক বিশাল, হিংস্র, ভয়ানক বাঘ। তাই জঙ্গলে যাওয়া নিষেধ। ঢুকতে তো পারেই না, উলটে জঙ্গলের বাইরে এখানে ওখানে সেখানে আগুন জ্বালিয়ে রাখে ওরা সারারাত। ওরা সারারাত আগুনে, পাহারায় আটকে থাকে আর সারাদিন দীর্ঘশ্বাস ফেলে, বনের দিকে চেয়ে। ওখানে যে যাওয়া বারণ। কারণ—বাঘ। বাঘের আকার, আয়তন, বর্ণ, হিংস্রতা, ক্ষিপ্রতা নিয়ে নানা কথা…

  • আনন্দ – স্বস্তিকা সেন

    মিঠাই আর গোবলু আনন্দে সারা বাড়ি লাফিয়ে চলেছে। খুব মজা কাল পুরী ঘুরতে যাবে। মাম্মা,আমি কিন্তু কাল ট্রেনে অনেক চিপস খাবো আর দিদিকে কিন্তু দেব না। শর্মি ব্যাগ গোছাতে গোছাতে হেসে উত্তর দেয়, আচ্ছা খেও। বৌদি আমার কাজ হয়ে গেছে, দরজাটা লাগিয়ে দিও। শোন্ জবা, কাল কিন্তু তোকে সকালে তাড়াতাড়ি কাজ করে যেতে হবে। আমরা…

  • অচেনা মানুষ – কৃষাণু নস্কর

    উল্টোদিকের বাসস্টপে তখনো থিকথিকে ভিড়, খয়েরি আর হলুদ রঙের ঝরাপাতা রাস্তার দুধার ছেয়েগেছে, দোকানের বেঁকা-ট্যারা প্লাস্টিকের ঢাকনা বেয়ে চুঁইয়ে পড়ছে বৃষ্টির জমা জল আর শার্সিগুলোজলের ঝাপটায় ঝাপসা হয়ে এসেছে। মিনিট দশেক হয়ে এলো, অটোর লাইন কিছুতেই আর সামনের দিকে এগোচ্ছেনা, লাইনটা এবার পেঁচিয়ে পেঁচিয়েজিলিপির আকার ধারণ করেছে, আরও কিছুক্ষণ যেতেই কেমন জানি ইতস্তত হয়ে পড়ছি।একটানা…

  • |

    ড্রোন – অরিজিৎ সেন

    আব্রাহাম জিজ্ঞেস করলেন, “প্রভু ঐ শহরে যদি পঞ্চাশ জনও নিরাপরাধ মানুষ থেকে থাকেন তাও কি আপনি পুরো শহরটাকে ধ্বংস করে ফেলবেন?” প্রভু বললেন, “পঞ্চাশজন নিরাপরাধ মানুষ থাকলে আমি সবাইকে ছেড়ে দেব।“ খানিকপরে আব্রাহাম বললেন, “অপরাধ নেবেন না যদি পঁয়তাল্লিশ থাকেন?” “তাহলেও শহর বেঁচে যাবে।“ প্রভু উত্তর দিলেন। “চল্লিশ” “তাহলেও কিছু করব না।’ “তিরিশ?….কুড়ি….দশ।” স্মিতহেসে প্রভু…

  • ভালো খারাপ – রিয়া মিত্র

    স্কুলের বাইরে ছাত্রীদের মায়ের একটি জটলা রোজই বসে। নিজের মেয়েদের স্কুলে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে তারপরে বাড়ি ফেরে সকলে। অনেকে বাড়ি না ফিরে সারাদিনও অপেক্ষা করে। “তনিমার মেয়ে তানিয়াটা সত্যিই খুব ভালো, শান্ত, নম্র, ভদ্র স্বভাবের”। আজকের আলোচনায় নিজের মেয়ের প্রশংসা শুনে বেশ গর্বই হয় তনিমার। শেলী পাশ থেকে টোন কেটে বলে,…

  • সিদ্ধান্ত – অনন্যা বন্দোপাধ্যায়

    এই সময়টায় অফিসে প্রচন্ড প্রেশার থাকে ।একটা স্লট থেকে অন্য স্লটে চেঞ্জ হওয়ার সময়টুকু ডেস্কের কর্মীদের চূড়ান্ত ব্যস্ততার মধ্যে ফেলে রাখে । তার সাথে বিজ্ঞাপন সব কিছু নিয়ে প্রায় নাজেহাল অবস্থা । এমন সময়েই  মোবাইল ফোন টা ল্যাপটপের পাশ থেকে গেয়ে উঠলো “আলোকের এই ঝর্ণাধারায়” । রিনি চট করে ফোনের দিকে তাকিয়ে দেখে ফোনের ডিসপ্লেতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *