লক্ষ্মীকান্ত মণ্ডলের দশটি কবিতা

শেয়ার করুন

নিষ্ক্রমণ ইচ্ছের উপর রাখে ভোরের বাঁশি

এই যে বাজনা বাজে আলো আঁধারের মিলিতরেখায় আর দূরে সরে যায় সমস্ত উপেক্ষা, আমার ভিতর ছড়িয়ে পড়ে নীল ধ্রুবতারা—ভাঙা ভাঙা বাদামি ত্বকের শ্যাওলা পরিত্রাণ চায়—সমস্ত নোটিফিকেশন ছাড়াই জ্যামিতিক বিন্দুরা নিষ্ক্রমণ ইচ্ছের উপর রাখে ভোরের বাঁশি 

সে এক অনন্ত পথের গ্রিনলাইট, ফ্লাইওভার ছিঁড়ে সাগরকোনণ থেকে উঠে আসে গুচ্ছ গুচ্ছ ফার্ন— অভয়ের বার্তা নিয়ে সুখ গল্প সাজায় পাথর ভূমির সূর্যকালে

খাদের দ্রিমি দ্রিমি দেহ-ভঙ্গিমায় থমকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই 

বৃত্ত ভেঙে ছুটে যায় অপরা ব্যবচ্ছেদ

পাঁজর ডিঙানো রাস্তার ওপারে হারমোনিয়ামটি বেজে উঠতেই ভালোবাসতে শিখে যাই পথকে, সাদাকালো রিডের  কম্পাঙ্কে ভেঙে যায় শীতার্ত মাইলস্টোন— আলগোছে যে চলে গেছে বনের ভিতর—উপোষ কণ্ঠে সে-ও ধ্রুবতারার সাথে হাঁটে, বৃত্ত ভেঙে ছুটে যায় অপরা ব্যবচ্ছেদ 

উপেক্ষা করতে পারিনি নিঝুম উৎরাই—তারই ওম নিয়ে রাতের গভীরে সজোরে ব্রেক কষে মিলন, মেইন প্লটের বিভাজনে ঘন অন্ধকারে ধেয়ে আসছে স্রোতের অন্তরা 

আমাদের ভিতর রিপুরা অস্থির হয়ে পড়ে—ভাঙা পাথরে দাঁড়িয়ে আকাশের দিকে উঁচিয়ে ধরে সেলফি স্টিক

জল আঁকড়ে ধরে ইতস্তত ভ্যাপার

পদ্মিনী সন্ধ্যার গা বেয়ে ম্রিয়মান সুন্দরীটি অনবরত আদিম–টগর গাছের নীচে হারিয়ে ফেলে অন্তর্দহনের নোটবুক, আশ্চর্য লিকলিকে মেঘে সিজন চেঞ্জের শ্বাস বাড়ে, ধ্বনি ভেসে থাকা জল আঁকড়ে ধরে ইতস্তত ভ্যাপার –মনখারাপ করা গাঢ় চুম্বনে পুকুরটির পাড়ে আলো কমে আসে ক্রমশ–পাতিহাঁস হেলে-দুলে এগিয়ে যায় কোক রঙের ভালোলাগায় 

সন্ধ্যার সপ্তর্ষির দিকে তাকাই, অল্প জ্বরের অমেয় পদধ্বনি জেগে আছে নিশ্বাসের কারুকাজে–অস্পষ্ট হয়ে আসছে হাত পা এবং অস্থি 

আমি নাতিশীতোষ্ণ, ধূপকাঠির ইতিহাসে এছাড়া কোনো পরিচিত শত্রু নেই 

কালসিটে মুখে দুপুর গড়িয়ে পদ্ম হয়ে যায়

তবুও পুকুর দুটোর মাঝখান দিয়েই চাকার দাগ–সমতল প্রতিকৃতিতে ভেঙে যায় সরলরেখা, চোখের সামনে পচনশীল খড়গাদায় কেন্নোরা আঁকড়ে ধরে নিকষ কামনা –শিরিষ গাছের ছাল-চামড়া আঁকে ক্ষুধিত মাকড়সার জাল; কোনো অনন্ত নেই, স্যাঁতস্যাঁতে ভাবের নির্জনতাকে আত্মরতির শব্দ দিয়ে শুরু করে অস্তিত্বের স্তব 

বকুল ফুটল না এখনও, অথবা সাদা ওড়নায় ভাসেনি কোনো এঞ্জেল–খুঁজে পায়নি গ্রীষ্মের রাত; ক্রমেই পাঁজর বেয়ে উড়ে বিন্দু বিন্দু চিল 

আমার অহমিকাময় কালসিটে মুখে দুপুর গড়িয়ে পদ্ম হয়ে যায় 

ঋকধ্বনির পাখিরা তৎসম হয়ে যায়

কিন্তু সেই ফুলদানিগুলি সমানুপাতিক বিকেলের আলোছায়া নিয়ে নিজের বুকেই সাজানো থাকে, গাঢ় বাদামিরেখায় ভাসে ত্রিকাল স্বরূপ–সেখানে আঁচল বিছিয়ে রাখে সন্ধ্যার ধুলোপড়া নদী, আগে দেখিনি কেউ–আহত অন্তরীক্ষে ভাসে সে কুয়াশার কথা, ঝরেপড়া পাপড়িরা নীলজলের নীচুস্বরে ভিজিয়ে দেয় নৈঃশব্দ্য–একে একে দুঃখ বদলে যায় 

কথা ছিল ফুলের ভাষান্তর শিখে নেব রেটিনার রোদ্দুরে, বৃন্তে লেগে আছে সমস্ত সূর্যাস্ত আর জাতিস্মর স্নায়ু 

তাকে কানে কানে বলি–বর্ণময় হও; ঋকধ্বনির পাখিরা তৎসম হয়ে যায় 

ত্বকে তখন ফোঁটা ফোঁটা শ্রমের নোটেশন 

তারাও মাটিতে দাঁড়িয়ে বৃষ্টিপাত দেখছে আর সবুজ হয়ে যাচ্ছে খয়েরি রঙের দুপুর, বিকলাঙ্গ পাখিটিও উড়ছে নিঃস্ব শিমুলের উপর–শীত শীত অভ্যাসে ত্বকে তখন ফোঁটা ফোঁটা শ্রমের নোটেশন–অসমাপিকায় বিনীত হতে হতে জলে ভিজিয়ে নিচ্ছে লবণাক্ত ব্রহ্মতালু: ব্যর্থদিনের গরলপাত্রে  অপেক্ষা করে লাইভ বীজতলার অলংকরণ 

আমি কি সেই জন্মগত প্রিয়তম, নিজেকে সেঁকে নিতে নিতে চিরায়ত আগাছার বেগুনি ফুল দেখি 

অতএব ফোকাসহীন স্বাদকোরক ঝাপসা হয়ে যায়

হলদে নদীটি আজও জন্মদান ছড়ায় 

এবং দুটো স্তম্ভের মাঝে মুখোমুখি হচ্ছে নগ্নঘ্রাণের পঙ্‌ক্তিমালা আর শূন্যতার মেরুন ঠোঁট, সেখানে একাদশীর চাঁদ পৃষ্ঠা উল্টে দেখে নিচ্ছে ভাঙা বানানের ইকোসিস্টেম, ভেসে আসে কবিতার অনুনাদিত কণ্ঠধ্বনি–জন্মের ছবি এঁকে এঁকে হলদে নদীটি আজও জন্মদান ছড়ায়–ভবিষ্যৎ একটা সাদা ক্যানভাস জুড়ে আঁচড় কাটে রোদ 

নাকি ছায়া সরে যায়, একে অপরের অনাসক্ত সম্পর্কে নারকেল পাতা তরঙ্গহীন–মলয়ের গল্পে জল কেটে জেগে উঠছে গ্রিনহাউস 

ধাপ ধাপ শীততাপ পেরিয়ে আমি রোদধর্ম, চেয়ে নিই অবিনশ্বর রৌদ্রপলাশ 

সন্ধের জন্য ছত্রাক

ঘরের বেড়া ডিঙিয়ে আলো এসে পড়ছে রাস্তায়–এপার থেকে ওপারের কৌণিক দূরত্ব নিয়ে নরম স্বরগুলি বিলীন হতে হতে হয়ে যাচ্ছে উপসংহার 

কোনো আকার নেই ছায়ার–কোনো ইশারা নেই অন্ধকার আর অন্তিমকালের; লুটোপুটি খাচ্ছে জন্মান্ধ দেবতাদের সন্তান, শুধু একধারে জলের টানে খালে ভেসে যায় হৃদপিণ্ড 

তার কাছে বৃষ্টিরও কোনো দরজা নেই–যদিও ডানা ঝাপটানো পাখি দীর্ঘশ্বাস ঝরায় পালক থেকে  

অলংকারহীন ন্যাতানো পাতার এই পথ–এই কাঁটাঝোপ পেরিয়ে নীরব স্বর্গের দিকে তাকায়, মাইলস্টোনে লেখা দাহপর্ব নিয়ে শিশির জমা করে সিক্ত বাতাসে জেগে থাকা কৃষ্ণকায় বৃক্ষগুলি 

নিশ্চিত শিহরণ এলে

সেই শব্দগুলি লেপটে যেতে থাকে দ্বিপ্রহরের দেয়ালে 

নীল রঙে আঁকা শাঁখ অথবা বাঁশি ফ্যাকাসে হয়ে যায় 

আমার কখনও দেয়াল ভালো লাগেনি 

ফুল পাতা দিয়ে ঢাকা কাটফাটা ইজম এখন পথ খোঁজে 

এ কারণেই দেবদূত বিরূপ হতে হতে ভুল ধরিয়ে দেন পুরোনো প্রার্থনার 

বাগান পেরিয়ে রিফু করা জামায় কুণ্ডলী পাকায় ভাদরের রোদ-মেঘ 

কোনো ভূমিকায় আছো তুমি, নিঝুম মুদ্রা 

অনন্ত পর্যন্ত চলে যাওয়া আবছা নৌকা ক্রমাগত ডুবে যায় 

আড়াল ভেঙে যেতে যেতে লিখতে থাকে চেতনা 

কাঁপতে থাকে আলো 

বাতাসের বুকে তখন মৌনস্পর্শের অন্তরাশ্রম 

সবাক বন্দনায় পঙ্‌ক্তিরা

হিজল গাছটির বাকলের ভাঁজে ব্রাউন পোকার দুপুর, বন্দনার বাঁকে দাঁড়িয়ে থাকে ছায়া–কোনো বার্তা নেই নির্জন শব্দের; পেঁজা সুতোর টুকরো টুকরো স্পন্দন জুড়ে গেরুয়া মোহ–মেঘের বিকেলে হাতছানি দেওয়া মিউজিয়াম হৃদয় হয়ে যায়  

নিশ্বাসে ঠোঁট রাখে ফ্যাকাসে অক্ষয়: সেই-ই পঙ্‌ক্তির উৎস 

এই সব অপরিচিত রাস্তায় কোনো অন্ধকার নেই–স্থির জলে মরণের অরুচি লেখার পরও পৃথিবী ঘুরছে, মেতে ওঠে আলোকবর্ষ দূরের ফুলগাছ–এলোমেলো পাণ্ডুলিপিতে বাসা বাঁধে হলুদ মায়া উপেক্ষা 

ডুবে যাচ্ছি নিরন্তর তারপর ক্রমশ বিন্দু হয়ে যাই

শেয়ার করুন

Similar Posts

  • একটি লম্বা লাইন – জিললুর রহমান

    একটি লম্বা লাইনে প্রভাতফেরিতে দাঁড়িয়ে রয়েছি মধ্যরাতে একুশের অপেক্ষায়— হাতে ফুল — নগ্ন পদ — শাদা পাঞ্জাবির সাথে ঢলঢলে পাজামা একটি দীর্ঘ লাইন এক সুরে গুঞ্জন করছে শীতল বাতাসে রোমকূপে শীতকাঁটা উঠে আছে আমরা অপেক্ষমান সেই বায়ান্নোর ফেব্রুয়ারি থেকে ওরা বলেছিল যাহা বাহান্ন তাহা তেপ্পান্ন আমরা প্রতিবাদ করি আমাদের মাতৃভূমে বায়ান্ন জুড়েই আছে মাথা নত না করার দৃপ্ত স্বরআছে শহিদের রক্তাক্ত শার্টের ’পরে…

  • ক্রিসমাস ইভ – পিনাকী

    নিয়নের আলো ফ্লুরোসেন্ট লাল গোলাপ আকাশের চেয়ে অনেক নীচে আকাশ তারাদের চেয়ে অনেক নীচে তারামণ্ডলী স্বপ্নের চেয়ে স্বপ্নালু সুখানুভূতি। সবটাই বেশ সাজানো সবটাই বেশ মাপজোক করা সুন্দর অতিরিক্ত আলোয় অন্ধকারকে আড়ালের প্রয়াস স্পষ্ট অতিরিক্ত আমোদে আক্ষেপ ভোলানোর ব্যর্থ চেষ্টা ঠিক কোনো রমনীর দুঃখ চাপা মেকি হাসির মতন। বড় বেশি সাজানো পার্কস্ট্রীটে একটা অগোছালো শিশুর বেমানান…

  • কালবেলা – আশিস ভৌমিক

    প্রণয়হীন সভ্যতার বুকে হাতড়ে বেড়াই মিষ্টি প্রেমের কবিতা ! রাতের আঁধারে হাইড্রেনের নোংরা জলে খুঁজি শাপলা ফুল ! রাত-পরীরা ড্রেন ছাপিয়ে উঠে আসে রাজপথে নিয়নের আলোয় যোজনগন্ধা হয়ে ওঠে । পরাশরেরা সস্তায় ভালবাসা কেনে ! গভীর রাতের আলোরা ম্লান বাসি ফুলের গন্ধে । ফ্ল্যাট বাড়ির জানলা চুঁইয়ে তখন ভেসে আসে সিরিয়ালের বিষাক্ত নিশ্বাস । রাতে…

  • অবসাদ – তাপসকিরণ রায়

    হারাতে হারাতে আর অবসাদ নেই–চেনা জানারা ক্ৰমশ হারিয়ে যাচ্ছে অন্যপ্রান্তে…  এক মুখ দাড়িতে তোমায় অচিন লাগতেই পারে !কোথায় সরে যেতে চাও তুমি ?স্টেশনের সিগনালে তাকিয়ে আছে গাড়ি।একটা সকাল যেন কতকাল দেখিনি !হারিয়ে হারিয়ে ক্ৰমশ নিজের দিকে এগিয়ে আসছি।আগামী খরার ফাটলে বৃষ্টির অবসাদ দেখি।দুরন্ত ছেলেটা কেমন দম হারিয়ে থমকে যায় !কখনও চেনা পৃথিবী হারিয়ে যায়–কুয়াশা ও…

  • অজিত ভড়ের পাঁচটি কবিতা

    ব্যক্তিগত ভেবেছিলুম যাব মঞ্জুমালা এসে জানলা খুলে দিল।যেন মৃত্যু বেরিয়ে গেল ঘর থেকে। তারপর সন্তুর বিয়েনানারকম রান্নার গন্ধখেয়ে উঠে বেরোতেই সায়ন্তনীর সঙ্গে দেখা: সায়ন্তনী শব্দহীন :যেন ভিনরাজ্যের ঝিলম নদীর বাঁক,আর শিল্পিতা?অনেকদিন আগের ট্রেন ছেড়ে যাওয়া প্ল্যাটফর্ম এখানে এক পা– ওখানে এক পাঘরে ঢুকিজানলা খোলাদেখি– আবার মৃত্যু ঢুকেছে ঘরে… এই বয়সে আর মশারি খাটাতে ভাল্লাগে না!…

  • কোজাগরী – রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

    তোমার ফেরারি মন হয়তো বা কখনও এক বিন্দু শিশিরের মত মুহূর্তের বশ্যতায় স্হির হয়ে লেগে থাকে সম্পর্কের গায়ে৷ আমি মুহূর্তকে শাশ্বত বলে ভ্রম করি৷ গোধূলির গায়ে লিখে রাখি সমর্পণ৷ স্বপ্ন-সম্ভবা হয়ে সম্পর্কের ভেতর নদী হয়ে বয়ে চলি৷ যাপনের ঘ্রাণ নিয়ে অনুভূতিরা শুয়ে থাকে আমার নিমজ্জিত সত্তার ভ্রূণে৷ সময়ের সম্মোহন  ছিঁড়ে গেলে তুমি  আবার পলাতক৷ তবু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *